অথবা অবশেষে
সভা শেষে –
সকলের পরে আমি ফিরবো ঘরে,
ক্লান্ত সন্ধ্যের নতজানু শিরে।
বর্ণিল পোশাকের ভিড় ফুরোলে,
আয়োজন চাঁদোয়া গুটিয়ে
কুড়োবো সাধের স্মৃতি,
ভুল বসত ভুলে যাওয়া যতো
বোবা আনা-আধুলি,
আর বিস্মৃত-ধুলোবালি।
তোমার –
হেলায় হারানো অনুভুতি খুঁজে,
চরম শিহরণে উষ্ণ আবেশে,
পুনরায় ছুঁয়ে পুলকিত হতে,
পাথরের মতো প্রতিক্ষায় রবো
শীতল শত-সহস্রাব্দ ধরে।
কিংবা অনেক –
ভিন্ন জুতোর চিহ্ন শরীরে এঁকে
মিশে যাবো –
পথে লুটোপুটি লিফলেটের
শব্দ মালার অযচিত আহ্বানে।
অথবা অবশেষে –
শ্মশানে আধপোড়া মড়ার
ফেরার আকুতি হয়ে
নিরন্তর জ্বলে যাবো,
তোমার মোহ-মায়া আদরের
তির্যক টানে।
Photo: Arijit B. (AI based)