নিঃস্বের নিঃসঙ্গতা
ঘরের ঘুলঘুলির ছোট্ট বাসায়
চড়ুই দু’টো আর আসেনা ফিরে,
কলিংএর সুইচ টিপে ছুটে পালায় না
পাশের বাড়ির সেই দুষ্টু ছেলেটি,
পাড়ার উন্নয়ন চাঁদার রশিদ হাতে
এখন পিছু নেয়না কোন পরিচিত যুবক,
ক্যেলেন্ডারের পাতায় চোখে পড়েনা
বহূ কাঙ্ক্ষিত সরকারী ছুটির লাল তারিখ।
হরতাল নেই মিছিল নেই,
অফিস যাবার তাড়া নেই বাজার খরচার চাপ নেই,
নেই লোডসেডিং এর ভ্যাঁপসা গরমটাও।
প্রথম হবার ইচ্ছে জাগে
এমন কোন পরীক্ষা হয়না,
ভূতের ভয় করেনা
মেয়েতে লোভ জাগেনা
মিঠাই দেখে লালা ঝরেনা,
স্বপ্ন দুঃস্বপ্নরাও ভিড় করেনা ঘুমের মাঝে আর।
জামা চটি জুতো কিছুই এখন
যায়না আর আগের মত ছিঁড়ে,
মন্থর হয়ে গেছে
দাঁড়ি গোঁফ চুল নখ বৃদ্ধির গতি।
শুধু ফিরে ফিরে আসে-
তোমার স্পর্শের কিছু ঝাপসা মলিন স্মৃতি।
আর বাকি সময়ের প্রতি নিঃশ্বাসে-
পোড়ে নিঃস্বের নিঃসঙ্গতা…
Photo: Marina Shatskih