অর্পিতা
প্রাক শৈশবে ললাটের এই বামে
যেখানটায় অনামিকা তুলিতে
মমতাময়ী দিতেন কাজলের ফোঁটা
ঠিক সেখানে অর্পিতা নামের ছোট্ট বুলেট
আঁকে লালে ভেজা আনকোরা আলোর পথ,
করোটি হয়ে পথ উন্মুক্ত সেই দিকে-
যেখানে বহু বছর বালিশের নরম আদরে
জন্মেছে অনেক অলিখিত সুখের ঋণ।
একটি, শুধুমাত্র একটি কোমল বিস্ফোরণ,
আলোকিত অন্ধ কামনার অলিগলি নিউরন,
বারুদ পোড়া রক্তের মিষ্টি ঘ্রাণে পবিত্র পটভূমি
নিঃসঙ্গ কোলাহলে ফুরোয় ধূপের প্রয়োজন।
হাহুতাশ চলে কিছু বোকা লোকেদের ভিড়ে,
পোশাকের শর্তে করে গর্জন আসে প্রশাসন,
স্পটে নেয় নোট, ওরা লিখে রাখে ক্ষণ,
ছুটোছুটি করে আরো খোঁজে পরিজন।
আমি থাকি কাছাকাছি, পাসে বসে হাসি,
মগজের জ্বালা হয় মন্থন, চাঁদে জ্বলে লন্ঠন।
Photo: Leonardo Yip