ঈশ্বর রবে নির্বিকার
রোজকার মতো আজো
হাড়ি হবে প্রাণনাশী, ভীষণ উত্তাপে খুন হবে ভ্রূণ।
উষ্ণ কুসুমের নরমে জ্বিভ-দাঁত উন্মত্ত হবে উল্লাসে,
পরিপাক্তন্ত্রের পূর্ণ তত্ত্বাবধানে আমরা শুষে নেবো
অনাগতের প্রাণশক্তি, ঈশ্বরের অশেষ কৃপায়।
কোনো এক সুশান্ত গ্রামে,
বঞ্চিত হবে আরো কিছু দুগ্ধপোষ্য গোশাবক –
নিঃশব্দ কান্নায়, ব্রাহ্মণ ভক্তের তৃষ্ণার তাড়নায়।
জন্মের ভূল সংশোধনে প্রাণগুলো পাঠানো হবে
বৈধ ঘুষের ঘ্রাণের মোড়কে, জমপুরী পুণ্য-প্রাঙ্গনে;
নির্ভুল কড়ি গুনে, উইন-উইন সওদা ভক্ত-ভগবানে।
যৌবন হারা বাকি পাঠা হবে মানব সেবায় অঞ্জলি
দেবে সুখ-শ্রম-দেহ-অধিকার, পরিশেষে নিজ প্রাণ।
নিষ্ঠুর প্রকৃতি প্রাণনাশ করে পুষ্টির প্রয়োজনে;
শ্বাপদেরা মানষিক বিনোদনে, নাম ভগবান ভোগে!
এভাবেই যাবে ক্ষণ কাল আলোকবর্ষ অবিরাম
ঝর্ণার জল আর সাগরের স্রোতে ক্ষয়ে যাবে নুড়ি-
পাথরের ধার, মসৃণ হবে আরো দেব-দেবী বেদী;
তবু মানুষের ঈশ্বর রবে নির্বিকার, সুবিধার ছলে…
Artwork: Arijit Bhowmik