কতটা হলে
কেউকি জানো,
কতটা শূন্যতা হলে
শঙ্খ-বক্ষ অধিকারে আসে
শুদ্ধ ধ্বনির স্বর?
তোমাদের কেউ,
বলবে আমায়
কোন উপাসনে মেলে
সত্য দেবীর বর?
কতটা পুরুষ
হলে পরে তবে
মহাপুরুষ হবো আমি?
কতো জয় নিয়ে
কাল জয়ী হবে
কাব্য-কবিতা গ্লানি?
কতবার ঘুরে
পৃথিবী পরিধি
ক্লান্ত ঘুমোবে শশী?
কত জল্লাদ
ঝোলায় আমায়
কবে হবে মোর ফাঁসি?
আর, কতটা হলে
বলবে প্রিয়
এবার তুমি মরো,
শক্তির চেয়ে
শক্ত হয়েছি
(চাও যদি) হবো আরো।
Photo: Brett Sayles