শঙ্খ সরব আর্তনাদ
তোমরা শুনেছো কৃষ্ণ বাঁশরী
দেখেছো মুক্তো শোভা,
আর সান্ধ্য প্রদীপ স্বচ্ছ কিশোরী
অপরূপ রূপোপ্রভা।
জানো কি ঐ মুক্তো পেতে
শুক্তি দিয়েছে প্রাণ,
আত্মদানের সংগোপনে
বাঁচে ভালোবাসা অম্লান।
আয়োজন করে ভক্ত পূজারী
সার্বজনীন কাজে,
উল্লসিত জনতা জগৎ
উৎসব আহবানে।
ডাকে শাঁখ ডাকে সুমধুর স্বরে
হিল্লোলে দোলে মন,
সাধু সমাজের সুধী সজ্জন
শোনে শঙ্খের ক্রন্দন!!!
একদিন ছিলো প্রাণ চঞ্চল
দেখনি তোমরা কেউ,
অর্নব কোলে ভৈরব ভাব
জানে নীল ঊর্মিল ঢেউ।
ভালোবাসা মিশে তব নির্মোকে
তৃষে অমৃত প্রেমের স্বাদ,
শত কোটি প্রাণে খুশি সঞ্চারে
বাজে শঙ্খ সরব আর্তনাদ…
Photo: Naveen Kumar