অমোঘ নিয়মে
এই প্রকৃতি আমায় ভালবাসতে শিখিয়েছে;
দেখেছি প্রায় অদৃশ্য বালুকনা কিভাবে তার
সে চকচকে বুকে ধরে সূর্যের সবটুকু তেজ
সেই অধিকারেই আমি তোমায় ধারণ করি।
সত্যি আমার দোষ নেই, প্রকৃতি শিখিয়েছে;
মাটি আর জলে কত কত বিচ্ছেদ দেখেছি।
হুম, উপেক্ষার উত্তাপে জল জ্বলে, কষ্ট পায়,
বক্ষচ্যুত হয়ে ভাসে, কিছুটা দুরেও সরে কিন্তু
হারাতে কি পারে? কিছুক্ষণ এদিকে ওদিকে
মেঘ হয়ে ছুটোছুটি করে, হূহূকার আর্তনাদে
নৌকোর পাল ছেড়ে, হুঙ্কার – বজ্র – তাণ্ডব,
তারপর? তারপর সেই অমোঘ নিয়মে বৃষ্টি
অঝরে লুটোপুটি হয়ে প্রিয়তমা বুকে ফেরে।
Photo: Acharaporn Kamornboonyarush