আকাশ ভালোবাসা
পেশাদার জীবনের ঘানিপিষ্ট বেশ কিছু স্বচ্ছল,
মৃতপ্রায় অনুভূতি কোলে লন্ঠনহীন ছোটে-
শপিং মল, সিনেমা কিংবা অভিজাত আড্ডায়;
প্রেমহীন দুরাশায়, একফোঁটা প্রাণের আশায়।
এদের কেউ আবার শিল্পের খোঁজে হাবুডুবু মরে
ফোক প্রোগ্রাম আর আলোকোজ্জ্বল চিত্রশালায়।
অতি সচেতনেরা পরিবার সমেত সশস্ত্র সাজে-
পড়িমরি ভিড় করে টিকেটের জীবন্ত জন্তুশালায়,
খাঁচা বন্দী বানরে বিনোদন বোঝে, চাতুর্যের জোরে।
শ্রীরাম সেনারাও অনুরূপ উল্লাসে উপভোগ করে
বিপরীতে দাঁড়ানো হাসিমুখ-মুখোশে ঢাকা যতো
উল্লম্ব মেরুদন্ডীর বোধহীন শৃঙ্খলিত বিক্ষেপণ।
পথে বসে থাকা পাগল দেখে সুধীজন অবাক হয়,
হাসে, বোঝেনা হিসেব তাই আরো বোকা হাসে,
নিজেকে সুস্থ জেনে স্বস্তির ঢেকুর তোলে নিশ্চুপে।
পাগ্লা বদের হাড়, হো হো হেসে ওঠে প্রাঞ্জল স্বরে
জীবন-হিসেবের ফলাফল তার শূন্য আঙুল করে
নির্ভুল মিলে যায় পাই পাই আনা কড়ি গন্ডায়…!
শূন্য অঙ্গুলে নির্ভার হয়নাতো সেও, তাই অনেকেই
সংখ্যায় রাজা হতে জ্যোতিষীরে যাচে আংটির গুনে
শূন্যে গুন দেয় যতো শতকোটি, হাতে চায় পেতে।
আরো কিছু আছে, বাঁধে তারা ভাগ্য কব্জির ডোরে।
আর উত্তম চিত্ত?! সমাগমে মাতে মসজিদ-মন্দিরে,
ভান্ডার পূর্ণ করে ভক্তির বিনিময়ে উপাসনা ছলে।
আকাশ ভালোবাসা কবি নিভে যায়, নিভৃত টানে
রোদ ঝড় বৃষ্টির স্বাদ চোখে নিয়ে রঙধনু আভা মেখে।
Photo: Min An