আমাদের আছে
এইতো তুমি-আমি, আছি আশপাশে
তবু মরা দিন মোর কাটে হাসফাঁসে।
বক-সাদা বিধবার কাপড়ের ভাঁজে
অভিমান স্মৃতিজলে কতো… ডোবে-ভাসে।
আয়নায় দেখো প্রিয় – দেখো ভালোবেসে,
আমাদের আছে দেখো, কত… কিছু আছে!
কন্ঠেতে স্বর আছে, ভাষা জ্বিভে-ঠোঁটে
তবু মন কেঁদে মোর হুতাশনে ওঠে।
দেশে দেশে মূক কতো পরাধীন আছে
খুশী-ক্ষোভ-উল্লাস পিঞ্জরে পোষে।
চিৎকার করে প্রিয় – বলি উচ্ছ্বাসে,
আমাদের আছে শোনো, কতো… কিছু আছে!
স্নিগ্ধ ভোর দেখি, দেখি কতো আলো
তবু মোর দৃষ্টিতে লেগে থাকে কালো।
অন্ধের দিন-রাত হয় পারাপার
লাল-নীল হলুদেরা করে হাহাকার।
হৃদয়ের দ্বার খোলো চোখ দুটে বুজে,
আমাদের আছে রঙ, কতো… শত আছে!
Photo: Arijit B.