এপিটাফে নাম
(আমি) শুনি কতো সুর, কতো শুনি গান,
বরিষণ ঝুম, পাখি কলতান।
দেখি তারা চাঁদ, খুশি ভাঙে বাঁধ,
প্রেম-পোড়া ঘ্রান, পাপে উন্মাদ,
বাউলের লাশ, শোনে অপবাদ।
(নেই) হিসেবের মোট, টাকা-কড়ি নোট,
অন্ধের দেয়ালে প্রজাপতি পট,
ছিলো কিছু সুখ, প্রেমিকার মুখ,
খুঁজে ফিরি পথে, আমি অদ্ভুত!
(তার) নেশা-ঘুম চোখ, বিষ-রাঙ্গা ঠোঁট,
রাজা আমি নিজে, কারে দেই ভোট?
টানে কাছে আয়, হৃদয়ের হায়,
ঘড়ি কাটে বেলা, যায় বয়ে যায়।
(আমার) অভাবের পাত, কিছু মোটা ভাত,
শ্মশানের শিখা সনে আমি কোন জাত?
যায় বৃথা দিন, বাড়ে বোঝা ঋণ,
লবনের তৃষ্ণায় জল জ্বলে হিম।
বয়সের কাম, বুকে-পিঠে ঘাম,
জীবনের দামে কিনি এপিটাফে নাম।
Photo: Arijit B. (AI based)