তবু মিশে রও
প্রায় প্রতি রাতে যে অদৃশ্য চাপে
বুকের বা’পাশটা অবশ হয়ে আসে,
নিঃশ্বাসের লয় হয় ধীর থেকে ধীরতর,
দম বন্ধ করা অস্বস্তির সে তীব্র যন্ত্রণা
আমি উপভোগ করি সজ্ঞানে,
তোমার কপট অভিমানের সঙ্গী হয়ে।
পিঠ, হাটু আর গোড়ালিতেও এখন
ব্যাথা হয় নিয়মিত; আমি মেনে নেই,
আমার ভালো লাগে, বিশ্বাস করো তুমি
আর আমি বোকা নেই আগের মতো।
প্রতিটা বাহ্যিক অনুভূতি উৎসর্গ করেছি
দধীচির মহিমায়, ঈশ্বর থাক ঋণী হয়ে,
তবু মিশে রও আমার বাস্তব উন্মাদনায়।
সদ্য অংকুরিত যে কল্পতরু বুনেছিলে তুমি
আমার অহংকারী মনের পাষাণ বেদীর কোণে…
অশ্রু, আবেগ আর নির্ভরতার নির্যাস শুষে নিয়ে
আজ সে বিশ্বাসের মহীরুহ, আমি পূর্ণ আমি ধন্য।
প্রজ্ঞায় প্রস্তুতি চলে প্রতি প্রত্যূষে,
প্রকৃতির প্রতিদান প্রাপ্তির প্রতিক্ষায়…।
হ্যা, মূর্খ লোকে আমায় আঘাত করে
হাসে, তীক্ষ্ণ তামাসা করে বিদ্রুপের স্বরে।
রক্তাক্ত হই, অবুঝ আমায় সাময়িক হলেও
ঘিরে ধরে কষ্টের কালো কাঠগড়া।
তবে রাগ হয়না ওদের ওপর, কিছুটা মায়া হয়
ওদের জন্যে, ওরা তো জানেনা দেবীর জন্যে
সংগোপনে তুলে রাখা এই ভক্তির গভীরতা…!
Photo: Alvaro Naranjo