তুমি আমার মতো
আমার কাছে তুমি আমার মতো,
তুমি সদ্য ফোঁটা সুবাসিত গোলাপ নও
দিনের অজুহাতে ম্রিয়মাণ মলিন হবে;
আমার বুকে তুমি নিশীথ নিথর মায়া,
নক্ষত্র তেজের আড়ালে নিশ্চিত নীরবতা;
নিঃসঙ্গ ক্লান্ত আমায় ঠিক জড়িয়ে নেবে।
তুমি আমার সৌভাগ্যের ভূত নও
ভাবনার ঘোরে ঘুরে-ফিরে যাবে, অথবা
খোশখেয়ালে জিতিয়ে দেবে হঠাৎ জুয়ার বাজি;
আমার মাঝে তুমি সময়ের মান, বয়সের ঘড়ি;
বাড়ো নির্ভুল নিয়মে, যেন সন-সংখ্যার পুঁজি।
তুমি নও আমার বিজ্ঞাপনের পন
ক্ষণ মেপে, অভিনয় সাজে, করে যাবে চিৎকার;
আমার তোমায় আমি এঁকেছি স্বীয় সজ্ঞান স্বাদে,
এই প্রাণে তুমি প্রিয় সুর, প্রকৃতির পবিত্র উপহার।
তুমি আমার কলমের কালি নও,
কাগজ ত্বকে আঁচড় কেটে – ফুরোবে ছত্র মাপে।
কষ্টে তোমার – আমার অধিকার, পুরষ্কারের দামে।
তুমি আমার প্রেম, তোমায় ভালোবাসতে আমার
নিজের ভালো লাগে, তাই তুমি আমার প্রয়োজন।
আমার তুমি আমার মতো, অন্য প্রকার নয়…!
Photo: Ben White