রঙ্গিন রিক্ততা
ওরা বলে কষ্টের রঙ কালো
ওতে লেগে থাকে অমঙ্গলের আঁশটে গন্ধ।
কৈ? আমিতো ছুঁয়ে দেখেছি নিজের হাতে,
প্রিয়তমা চুলের আঁধারে পেয়েছি পরম মায়া;
মিলেছে মমতা মাখানো শান্ত শীতল ছায়া।
তারা আরো বলে বেদনা-বর্ণ নীল
তাতে নাকি ভীষণ ভয় থাকে, যন্ত্রণা হয়..!
না, পার্বতী-পতি চোখে আমি তো দেখিনা
বিন্দুমাত্র ব্যথা, নীলকণ্ঠ স্থির বসে রয়
অপরাজিতার অপরাজেয় প্রতিশ্রুতি হয়ে।
আবার দেখি ওরা সাদায় ডরায় খুব, শুভ্রতা
ঢেকে রাখে কলপের কালি, মেহেদীর খুনে!
কিন্তু আমি যে দেখেছি উদ্বাস্তু ভিখিরির সুখ
দু’মুঠো সাদা ভাতের আভায়; কতো নির্ভার,
সাদা কাফনের কোলে মুক্ত প্রাণেরা ঘুমায়!!
বুঝি, ভালোবাসাটা ভালো সময়ে বাহূল্যতা;
বরং ক্রান্তি কালেই সেটার বিশেষ প্রয়োজন।
ঠিক জানি আমার সবচে’ কঠিন সময়ে তুমি
সইবে সে নির্ভরতার ভার, আমার দেবীর করুণা,
হুম…, তাই বর্তমানে বন্ধু শুধুই রঙ্গিন রিক্ততা।
Photo: Milada Vigerova