স্নেহময় সম্মোহন
মধ্য মাঘের নিস্তব্ধ নিশুতি আর কৃষ্ণ কুয়াশার নিঃসঙ্গতা নিয়ে
বয়সের ভারে নিষ্প্রভ ল্যাম্প পোস্টের অপেক্ষা এক উদ্ভ্রান্ত পথিকের,
যার উষ্ণতায় গলে যাবে সব হিমায়িত শোক, বইবে ধমনীতে গাঢ় লোহিত রক্ত স্রোত…
এ যেন স্নেহময় সম্মোহন ডোরে বন্ধনের শেষ প্রতীক্ষার প্রহর তার।
বিস্তীর্ণ অনাবাদী মাঠে মহীরুহ অশ্বথের নিরন্তর চেয়ে থাকা
এক কৃষাণের বিশ্রামের ছায়া নিয়ে,
একপেড়ে শাড়ির আচলে মুছে দেবে ঘাম আদরের মেয়ে কিংবা মেয়েরই জননী এসে;
সেই স্নেহময় সম্মোহন জলে জন্মাবে তার কচি শাখা-ফুল-পাতা।
উত্তাল ঝঞ্ঝায় প্রশান্ত সাগরের বুকে একা দ্বীপ নিশ্চল জেগে রয়
দিকহারা নাবিকের হতে আশ্রয়,
কতকাল ধরে স্রোত রাশি গোনে – যুদ্ধের ঘানি টানে,
তবু অধরেতে হাসি করে সঞ্চয় – প্রিয়ে প্রাণ সঞ্চারে।
এই হলো মায়া, এরই নাম প্রেম, এই দেবগুণ, স্নেহময় সম্মোহন…
Photo: Jonas Verstuyft