স্মৃতির সত্যতা
আমার মতো আটকপালে কে আছো বাংলায়…?
আছো কেউ হতভাগা এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকায়
অথবা মহাশূন্যে, ইহলোকে-পরলোকে? কিংবা রবীন্দ্র অন্তরায়!
যার সূক্ষ্ম সত্তার সাথে স্মৃতি খেলে নির্মম হাবুডুবু খেলা…?
জীবন বাঁচে খাদ্যে জলে অক্সিজেনে, বাঁচে ঘরে, বাঁচে বিছানায়।
কিন্তু প্রাণ? প্রাণ বেঁচে থাকে স্বপ্ন আর স্মৃতি নির্ভর হয়ে।
স্বপ্ন ব্যার্থ হয়, হতে পারে, অনেকে নতুন স্বপ্ন দেখতে পারে সহজে
স্বপ্ন ভাঙা যায়, কেউ হয়তো প্রতিশ্রুতিও ভাঙতে পারে অজ্ঞানে
তবে স্মৃতিরা অমোঘ সত্য, কখনো কি তাদের কাঠগড়ায় নেয়া যায়?
স্মৃতি চরম বাস্তব, স্মৃতি অস্বীকার অসম্ভব, করতে পারেনা কেউ?
স্মৃতির বিলোপ নেই, ফিরে ফিরে আসে প্রতিদিনের হাসি কান্নায়,
তাইতো আমি অসীমে ধৈর্য্য বাঁধি, স্বপ্ন বাঁচাই হৃদয়ের উষ্ণতায়
স্মৃতিময় যাযাবর হয়ে নিরন্তর প্রদক্ষিণ করি অপেক্ষার শূন্য তীর।
ডুবন্ত আমি যথক্ষন পারি আপ্রাণ লড়ে যাই অকুল পাথারে
হাঁসফাঁশ করি, প্রাণপণ দাপাদাপি ঐ নিঃশ্বাসটুকু বাঁচানোর চেষ্টায়
আকণ্ঠ পূর্ণ নোনা জলে, পাপেদের ক্ষমা ভিক্ষা, ঈশ্বরে ডাকাডাকি
এক সময় ফুরিয়ে আসে শেষ শক্তি সামর্থ্য চেতনা প্রত্যাশার কলরব
স্মৃতির সত্যতার প্রশ্ন আসে নিকষ প্রেতের মতো হামাগুড়ি দিয়ে
প্রাণে হাহাকার জাগায় ভীষণ মৃত্যুক্ষুধা
যমরাজ থানাটোসের কৃপা লাভে ব্যাগ্র-ব্যাকুল হৃদপিণ্ডে তখন
একমাত্র অভিলাষ, কখন বাজবে প্রশান্তিময় অভোগের অন্তিম সুর!
Photo: Greyerbaby